২৫ জুন, ২০১৫ ১৬:১৮
বিজিবির সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে অবশেষে বাংলাদেশের হাতে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তাকে ফিরিয়ে আনতে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মিয়ানমার যান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ। মিয়ানমারের মংডুতে সফল পতাকা বৈঠকের মধ্য দিয়ে আজ রাজ্জাককে ফেরত দেয় বিজিপি।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, পতাকা বৈঠকের মধ্য দিয়ে নায়েক রাজ্জাককে আজ ফেরত আনা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, নায়েক রাজ্জাককে নিয়ে টেকনাফ নিয়ে এসেছে প্রতিনিধি দল। এসময় অস্ত্র ও গোলাবারুদও ফেরত আনা হয়। রাজ্জাকের ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি বাবা হন তিনি।
বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, কুটনৈতিক সফলতার কারনেই তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গত ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
এক পর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন।
পরে বিজিপির ট্রলার রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। অবশেষে ৮দিন পর তাকে ফিরিয়ে আনা হল।
আপনার মন্তব্য