২৬ জুন, ২০১৫ ০২:২৫
পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রোনিসল কমোরস্কি পুনরায় ওয়ারশ’ দূতাবাস খোলার যুগান্তকারী সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকায় পুনরায় তাদের দূতাবাস খুলবে বলে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, ঢাকায় পুনরায় পোল্যান্ড দূতাবাস খোলা হবে। পোল্যান্ডে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান রাজধানী ওয়ারশ’ নগরীতে প্রেসিডেন্ট প্রাসাদে তার পরিচয়পত্র পেশকালে পোলিশ প্রেসিডেন্ট এ কথা বলেন। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ খবর বলা হয়।
প্রেসিডেন্ট কমোরস্কি বলেন, পোলিশ সরকার বিদেশে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃবিবেচনা করছে এবং ইতোমধ্যেই অনুধাবন করেছে যে, এশিয়ায় কূটনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে হবে।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে সমর্থন দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে পোল্যান্ডের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে পোল্যান্ডের ভূমিকার জন্য দেশটির বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট প্রশংসা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত রহমান ওয়ারশ’ নগরীতে সৈন্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পোলিশ সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট কমোরস্কি বেলভেদের প্রাসাদে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে প্রেসিডেন্ট কার্যালয়ের পোলিশ চীফ প্রটোকল, ফরেন সেক্রেটারী এবং আন্ডার সেক্রেটারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত রহমান পরে পোল্যান্ডের ফরেন সেক্রেটারী কাতারজায়েনা ক্যাচপারেজের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দু’দেশের সহযোগিতার সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় উচ্চ শিক্ষা, আইসিটি, জাহাজ নির্মাণ এবং জনগণ পর্যায়ে যোগাযোগের বিষয়টি স্থান পায়।
ক্যাচপারেজ বলেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে উচ্চ পর্যায়ে সফর বিনিময় করতে হবে। বাসস।
আপনার মন্তব্য