২৯ জুন, ২০১৫ ১৩:১৫
বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন প্লেনটির পাইলট তাহমিদ।
সোমবার সোয়া এগারটার দিকে পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে। এর পরপরই সেটির সঙ্গে বিমানঘাঁটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে পতেঙ্গার কাছে সাগরে প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া সম্ভব হয়।
এখন বিমান ও নৌবাহিনী এবং কোস্টগার্ড নির্দিষ্ট স্থান শনাক্ত করে প্লেনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম প্রথমে প্লেন নিখোঁজ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার প্রশিক্ষণ প্লেনটির খোঁজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্মকর্তা নুর ইসলাম প্লেন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্লেনটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য