২৯ জুন, ২০১৫ ১৮:২৯
ধর্ম অবমাননার মামলায় ৮ মাস পরে জামিনে ছাড়া পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। সোমবার হাসপাতালের প্রিজন সেল ত্যাগ করেছেন তিনি।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম। তিনি বলেন, উচ্চ আদালতে থেকে লতিফ সিদ্দিকীর জামিনের কাগজপত্র পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৩ জুন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ মামলায় লতিফ সিদ্দিকীর অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
গত বছর ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকীর মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তার শাস্তির দাবি উঠে।
মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লতিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১৭টি মামলা হয়।
এসময় বিভিন্ন ইসলামপন্থি দলগুলোর আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় লতিফকে।
২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
আপনার মন্তব্য