৩০ জুন, ২০১৫ ১৩:৩৫
করের আওতা বাড়িয়ে সরকারের ব্যয়ের টাকা জোগাড়ের যে ছক কষেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা থেকে খানিকটা পেছনেই সরে আসতে হলো তাকে। অবশেষে পোশাকসহ বেশ কয়েকটি খাতে রাজস্ব আদায়ে কড়াকড়ির বদলে ছাড় দিয়েই পাশ হতে যাচ্ছে ২০১৫-১৬ অর্থবছরের ব্যয়ের ফর্দি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাশ হচ্ছে নতুন এ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট। পাস হতে যাওয়া নতুন এ বাজেটে ব্যয়ের সব খাত অপরিবর্তিত থাকলেও কমে আসলো করের আওতা। ব্যবসায়ী, মন্ত্রী-এমপি বিশেষ করে প্রধানমন্ত্রীর দাবির কাছেই হার মানতে হলো সাতবারের বাজেট প্রদানকারী এ মন্ত্রীকে। যাতে করে বাজেট বাস্তাবয়নটা অর্থমন্ত্রীর ঘাড়ে আরো খানিকটা বাড়তি চাপ ফেললো বলে মনে করেন সংশ্লিষ্টরা।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে বড় অঙ্কের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা অর্জনে জরিপের মাধ্যমে খুঁজে পাওয়া খাত ও নতুন করদাতাদের ওপর আক্রমণ করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সবকিছুর পর নিজের সিদ্ধান্তে অটল থাকলেও সোমবার শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুরোধেই কয়েকটি জায়গায় কর কমাতে হলো অর্থমন্ত্রীকে। এ বিষয়ে তিনি বলেন, আমার প্রস্তাবিত বাজেটের ওপর মাননীয় প্রধানমন্ত্রী যে সব বিষয়ে পরিবর্তন করার প্রস্তাব করেছেন সেগুলো অবশ্যই সংশোধন হবে।
প্রসঙ্গত, ২ লাখ ৯৫ হাজার ১ শ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে একটু কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। আর বিশাল এ বাজেট ব্যয় করা হবে তিনটি ভাগে। যেখানে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি, উন্নয়ন ব্যয় ১ লাখ ২ হাজার ৫৫৯ কোটি এবং অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৯৭০ কোটি টাকা। সব মিলিয়ে পুরো ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকাই ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ অপরিবর্তিত থাকছে।
মোট আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পুরো বাজেটের মোট আকার থেকে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা কম; আর টাকার এ পরিমাণটিই হলো বাজেট ঘাটতি। যা চলতি অর্থবছরে ছিল (শংশোধিত) ৭৬ হাজার ২৯৭ কোটি টাকা। এ ঘাটতি বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ। উন্নয়ন ব্যয়ের ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে। আর এবারে মূল্যস্ফীতি আরও কমিয়ে অনার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.২ শতাংশে।
আপনার মন্তব্য