০৪ জুলাই, ২০১৫ ১৫:০৮
বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে তবে দায়িত্বজ্ঞানহীন সমালোচনার মাধ্যমে বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অন্যান্য প্রতিষ্ঠানের মতোই প্রয়োজনবোধে বিচার বিভাগেরও গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন সমালোচনা কারো কাছ থেকে প্রত্যাশিত নয়। এটা বিচার বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।'
শনিবার (৪ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটালাইজেশন অব বাংলাদেশ জুডিশিয়ারি’ শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আদালতবান্ধব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাঠামো গড়ে তোলার এখনই সময়। এটা করা হলে একদিকে যেমন স্বল্প সময়ে মামলা নিষ্পত্তি করা যাবে অন্যদিকে জনগণ তার মামলার অবস্থান সম্পর্কে ঘরে বসেই জানতে পারবে।'
এ সময় তিনি আরো বলেন, ' আইনের শাসন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মাথায় রেখেই সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।'
সেমিনারে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ক্ষমতার ভারসাম্য আনার জন্য মাজদার হোসেন মামলার রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা দরকার।’
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘মামলার জটিলতা কমাতে ডিজিটালাইজেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সেমিনারে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াট কিনশ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইন সচিবসহ প্রমুখ।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করে সুপ্রিম কোর্ট।
আপনার মন্তব্য