০৬ জুলাই, ২০১৫ ১৮:১২
তীব্র সমালোচনার মুখে 'সিপি গ্যাং'কে দেওয়া অনুদান বাতিল করেছে সরকার। আইসিটি বিভাগর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, সমালোচনার মুখে এই অনুদান বাতিল করা হয়েছে।
এরআগে অনলাইনে সরকার সমর্থক এই বিতর্কিত সংগঠনটিকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করেছিলো তথ্য ও প্রযুক্তি বিভাগ।
৩০ জুন আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে 'সিপি গ্যাং'কেও অনুদান প্রদানের সংবাদ চাউর হওয়ার পর অনলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সিপি গ্যাংকে অনুদান প্রদান নিয়ে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
১ জুলাই সিলেটটুডেতে 'সিপি গ্যাংকে সরকারী অনুদান: ব্যবস্থাপনা পরিচালকই জানেন না কেন অনুদান!' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তথ্য প্রযুক্তিখাতে সিপি গ্যংয়ের উদ্ভাবন নিয়ে প্রশ্ন তুলে উল্লেখ করা হয়- 'সিপি গ্যাং প্রোডাকশন লিমিটেড এর নামে দেওয়া এ অনুদান আসলে কি উদ্ভাবনী কাজের জন্য দেওয়া হলো এ বিষয়ে জানতে চাওয়া হলে সিপি গ্যাং প্রোডাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান অনলাইনে যিনি রাসেল রহমান নামে পরিচিত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন- "আমি নিজেই জানি না কীসের অনুদান হইছে, আসলে আমি নিজেই অবগত না"। তারা তথ্য প্রযুক্তি খাতে কি উদ্ভাবন করেছেন জানতে চাইলেও রাসেল রহমান স্পষ্ট করে কোন উত্তর দেননি।'
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ তৃতীয় পর্বের তালিকাভুক্ত হিসেবে সিপি গ্যাংকে এ অনুদান প্রদান করা হয়।
মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সিপিগ্যাং’ সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় নেতিবাচক সংবাদ পরিবেশিত হওয়ায় অনুদানের অনুমোদন বাতিল করা হয়েছে। ফলে উক্ত প্রতিষ্ঠানকে কোনো অনুদান প্রদান করা হয়নি।
আপনার মন্তব্য