নিউজ ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৫ ১২:২৬

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিলেন এস কে সিনহা

শনিবার বেলা এগারটা ৫ মিনিটে বঙ্গভবনে এসকে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবনে এসকে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে আজ (১৭ জানুয়ারি) শপথ নিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার বেলা এগারটা ৫ মিনিটে বঙ্গভবনে এসকে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি )কাজী রকিব উদ্দীন আহমদ, ৩ বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা।

গত সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে।তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।




আপনার মন্তব্য

আলোচিত