০৭ জুলাই, ২০১৫ ১৩:০২
নিজ এলাকার সেতু কালভার্ট প্রভৃতি অবকাঠোমো উন্নয়নের জন্য ২৮৪ জন সংসদ সদস্যকে ২০ কোটি টাকা করে বরাদ্দ দেবে সরকার। এজন্যে ৬ হাজার ৭৬ কোটি টাকা ব্যয়ে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ নামে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রকল্পটির বিষয়ে তিনি বলেন, নিজ এলাকার সেতু কালভার্ট প্রভৃতি অবকাঠোমো উন্নয়নের জন্য ২৮৪ জন সংসদ সদস্যকে ২০ কোটি টাকা করে বরাদ্দ দেবে সরকার। প্রত্যেক সংসদ সদস্য ৪ কোটি টাকার করে পাঁচ বছরে এ টাকা বরাদ্দ পাবেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা নিজেরা সরাসরি ব্যয় করতে পারবেন না। তাদের পছন্দমত তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেসব বাস্তবায়ন করবে।
সিটি করপোরেশন এলাকার ১৬ জন সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা আপাতত এ টাকা বরাদ্দ পাবেন না। পরবর্তীতে তাদের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬ হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৯ সালের মধ্যে বাস্তবায়ন করবে।
এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ৪৬৬ কিলোমিটার উপজেলা সড়ক ১৪৩০ কিলোমিটার ইউনিয়ন সড়ক ৬১৭৩ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন হবে। সেই সঙ্গে ৪৫ ৯৭ কিলোমিটার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।
আপনার মন্তব্য