নিউজ ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৫ ২৩:৫৩

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে সোমবার

রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, বোমাবাজি, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন

দশম জাতীয় সংসদের পঞ্চম এবং ২০১৫ সালের প্রথম অধিবেশন বসছে ১৯ জানুয়ারি সোমবার বিকেল চারটা থেকে। এর আগে ২০১৪ সালে এই সংসদের চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 

রীতি অনুযায়ি অধিবেশনের শুরু হবে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে। এরপর অধিবেশনের মুলতবি ঘোষণা করবেন স্পিকার। 

অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই সংসদ অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম সংসদ। বিএনপিবিহীন এই সংসদের প্রধান বিরোধিদল জাতীয়পার্টি এবং রওশন এরশাদ হচ্ছেন বিরোধিদলীয় নেত্রি। 

রেওয়াজ অনুযায়ী সোমবার সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন রাষ্ট্রপতি, যা প্রেসিডেন্ট প্লাজা নামেও পরিচিত। 

৬৫০০০ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। প্রায় ৫ বছর পর গত বছরের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে ঢোকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা।

এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে রোববার (১৮ জানুয়ারি) বিকালে বৈঠক করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদীয় দল। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে ওই বৈঠকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করব। যেখানে সমলোচনা দরকার সেখানে তাই করা হবে। সাধুবাদ জানানোর বিষয়গুলোতে সাধুবাদ জানাব।”

সংসদ সচিবালয় থেকে জানানো হয়- এবারের অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত ৩টি বিলের নোটিস পাওয়া গেছে। এগুলো হলো- মোট্রোরেল বিল ২০১৪, ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৪, ফরমালিন নিয়ন্ত্রণ বিল ২০১৪।

আপনার মন্তব্য

আলোচিত