১৯ জুলাই, ২০১৫ ১৪:২৪
সিরাজগঞ্জের সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন এবং আহত হয়েছে ৫০ জনের বেশি বাসযাত্রী। ঘটনার তদন্তে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে এক তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি আগামি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিকে দূর্ঘটনার কারণ সম্পর্কে সাব্বির পরিবহনের বাস চালককে দায়ী করেছেন বাসের যাত্রীরা। বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা জানান- বাসটি রঙওয়েতে চলছিল এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল। দূর্ঘটনায় উভয় বাসের চালক মারা গেছেন।
রোববার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মূলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে রংপুরগামী সাব্বির হোসেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গাইবান্ধা থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, রংপুরের বদরগঞ্জের কুতুবপুরের ওয়াইজ আলীর স্ত্রী তাহেরা বেগম (৫০), গাইবান্ধার কলেজপাড়ার আফসার আলীর ছেলে সবুজ (২৮), পলাশবাড়ির মিনহাজ প্রধান (৪০), লিটন (৪৩) ও বগুড়ার জিল্লুর রহমান (৪৬)। এদের মধ্যে মিনহাজ আজাদ পরিবহনের বাসটির চালক এবং লিটন সাব্বির চালকের সহকারী।
সিরাজগঞ্জের সিভিল সার্জন দেবপ্রদ রায় জানান, এ পর্যন্ত সদর হাসপাতালের মর্গে ১৪টি মরদেহ পৌঁছেছে। জরুরি বিভাগ ও সার্জারি ওয়ার্ডে ৩৭ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাহেরা বেগম নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারি পরিচালক আশরাফুজ্জামান।
আপনার মন্তব্য