১৯ জুলাই, ২০১৫ ১৯:৪৬
ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক মৃত্যুবরণ করেছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার উত্তরায় বড় ছেলে রাজিব আহমেদের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার রাজশাহীতে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মৃত্যুকালে আবদুর রাজ্জাকের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। মরহুমের মরদেহ নিয়ে দুপুরে তার দুই ছেলে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা দিয়েছেন।
সোমবার (২০ জুলাই) বাদ জোহর রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আবদুর রাজ্জাকের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মহানগরীর হেতুম খাঁ গোরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, তার মরদেহ ছোট ভাই এহিয়ার রাজশাহীর রাণী বাজারের বাসভবনে রাখা হবে। তিনি গত ১৪ জুলাই ঈদ উদযাপন করতে ঢাকায় গিয়েছিলেন।
আবদুর রাজ্জাকের ছোট ছেলে পারভেজ আহমেদ পাপেল সংবাদমাধ্যমকে জানান, তার বাবা ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক ১৯৫৩ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৬৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছাড়াও ১৯৯২ সালে রাজশাহী বার সমিতি সাধারণ সম্পাদক ছিলেন রাজ্জাক। এছাড়া, ১৯৫২ সালে রাজশাহী কলেজে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারের নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
আবদুর রাজ্জাকের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা।
রোববার বিকেলে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাজ্জাকের মুত্যুতে রাজশাহীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো বলে বিশেষভাবে উল্লেখ করেন ফজলে হোসেন বাদশা।
আপনার মন্তব্য