১৭ এপ্রিল, ২০১৯ ২২:৩৫
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক জাফর ওয়াজেদ।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলেয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) আইন, ২০১৮’ এর ৯(২) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এরপর থেকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতি পিআইবির চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন সাংবাদিক আবেদ খানকে। গতকাল রাষ্ট্রপতি এই দুটি পদে অনুমোদন দেন।
জাফর ওয়াজেদ সাবেক ছাত্রনেতা, ডাকসুর দুইবারের নির্বাচিত সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার, বাংলাবাজার পত্রিকার চিফ রিপোর্টার, দৈনিক মুক্তকন্ঠের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বপালন করেন। সাংবাদিক জাফর ওয়াজেদ কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন।
আপনার মন্তব্য