নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৫ ১৫:২০

মোটর সাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা

দেশে অবরোধের মধ্যে মোটর সাইকেল ব্যবহার করে নাশকতার প্রেক্ষাপটে দুই চাকার এই বাহনে চালক ছাড়া যাত্রী বা সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

অর্থাৎ, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটর সাইকেলে চড়তে পারবেন না।   

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক আদেশের এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিককালে  কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে।

“এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল।”

নাশকতাকারীদের ‘গোপন যোগাযোগ’ বন্ধ করতে ভাইবার, হোয়াটস অ্যাপসহ পাঁচটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক অ্যাপ তিন দিন বন্ধ রাখার পর খুলে দেওয়া হলেও এবার মোটর সাইকেলে চড়া নিয়ে এই নিষেধাজ্ঞা এল।  

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান অবশ্য জানালেন, পুলিশ অধ্যাদেশের মাধ্যমে তারা গত দুদিন ধরেই মোটরসাইকেলে একজনের বেশি চড়াকে ‘নিরুৎসাহিত’ করছেন।

তিনি বলেন, “সম্প্রতি পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, মোটর সাইকেল থেকে গাড়িতে পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এটা বন্ধ করতে জনস্বার্থে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।”

এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে মোটরসাইকেলে দুইজন থাকলে একজনকে নামিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া আরোহীদের কাছে পেট্রল বোমা বা বিস্ফোরক থাকলে তো ফৌজদারী মামলা হবেই।”
নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালালেও জরিমানা করা হবে বলে জানান তিনি।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর সারা দেশেই বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।


আপনার মন্তব্য

আলোচিত