বিরোধী জোটের চলমান আন্দোলনে নাশকতা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে শুক্রবার শাহবাগে আলোর মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
বিকাল ৫টায় এ কর্মসূচি শুরু হবে বলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই আলোর মিছিল।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, “প্রতি শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ। এ অবস্থান কর্মসূচির চলার সময়ে বিকাল ৫টায় আলোর মিছিল অনুষ্ঠিত হবে।”
এই কর্মসূচি নিয়ে ফেইসবুকে একটি ইভেন্টও তৈরি করা হয়েছে, যাতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ১৩ হাজার জনকে।
ইভেন্ট পেইজটিতে বলা হয়েছে, “রাজনীতির নামে চলছে হত্যা, নির্যাতন। দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। পেট্রোলের আগুনে একে একে পুড়িয়ে মারা হয়েছে ২৬টি তাজা প্রাণ। আর কত?
“আর কতজন মানুষকে পুড়িয়ে মারা হলে আমরা জেগে উঠব? এই বর্বরতার বিরুদ্ধে মানুষ কি জাগবে না? বন্ধ কর সন্ত্রাস, বন্ধ কর মানুষ হত্যা।”
ইভেন্ট পেইজে ইমরান লিখেছেন, “যারা সন্ত্রাসবিরোধী আলোর মিছিলে অংশগ্রহণ করবেন, তাদের বিনীতভাবে অনুরোধ করছি, সবাই এক বা একাধিক মোমবাতি সাথে করে আনবেন।
“দেশের এই ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হোন। নিজে অংশগ্রহণ করুন, বন্ধুদের জানান।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোট গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে অবরোধ চালাচ্ছে, যাতে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম দাবি হল, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা। এই দাবি পূরণ এখনও না হওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করছে তারা।
আপনার মন্তব্য