২৫ জানুয়ারি, ২০১৫ ১৬:১৭
আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর সমবেদনা জানাতে গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারার ঘটনাকে বিএনপির চরম অসৌজন্যতামূলক আচরণ বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির মতে, এ আচরণ সামাজিক সংস্কৃতিতে কালো দাগ হয়ে থাকবে।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমন কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি আমাদের পরিশীলিত আচরণ ও সৌজন্যতা শেখায়। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল যেটা করা হয়েছে এটা সামাজিক সংস্কৃতিতে একটা কালো দাগ হয়ে থাকবে। এমন ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি, আগামীতে কোনোদিন ঘটবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘যারা প্রচণ্ড শোকের মাঝেও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে না তাদের কাছ থেকে দেশ ও জাতি কিছু আশা করতে পারে না। এখন অন্তত কোকোর আত্মার শান্তির কথা বিবেচনা করে পেট্রোল বোমা মারা ও এই হিংসা বন্ধ করুন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা প্রধানমন্ত্রীর নিজে ছুটে যাওয়ার পর অন্তত গেট খুলে দেয়ার সৈজন্যতাটুকুও দেখাতে পারে না। তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্যতার লেশমাত্র থাকতে পারে না ‘
তিনি বলেন, ‘ঘুমের ইঞ্জেকশন দিলে তার রিয়েকশন ঘুম থেকে জাগার পরও অনেক্ষণ থাকে। অথচ প্রধানমন্ত্রী চলে আসার কিছুক্ষণ পর নাকি খালেদা জিয়া জেগেছেন এবং আবার আসার আমন্ত্রণ জানিয়েছেন। কিভাবে কোন ঘুমের ইঞ্জেকশন দেয়া হলো এবং কিভাবে তিনি জেগেই আমন্ত্রণ জানালেন এটা আমার বোধগম্য নয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহর লাইলী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
আপনার মন্তব্য