নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫ ১২:৩৩

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের নির্দেশনা

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ।

নিষিদ্ধ ঘোষিত দলটির যেকোনো ধরনের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দিয়েছে।

রোববার ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান সাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী কর্তৃক যে কোন ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ২৩ জুন সোমবার যেনো কোনরূপ সাংগঠনিক কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে যথাযথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নকরত (ভোর ৫ ঘটিকা হতে সকাল ৮ ঘটিকা পর্যন্ত বিশেষ সতর্কতামূলক পদক্ষেপসহ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনাটি ডিএমপি কমিশনার' র‍্যাব মহাপরিচালক; এসবি; সিএমপি, আরএমপি, কেএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি; ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি; আডিশনাল ডিআইসি (অপারেশনস্); সকল জেলার পুলিশ সুপার; অফিসার ইনচার্জ, অপারেশন কন্ট্রোলরুম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পাঠানো হয়েছে।

পত্রটি ফ্যাক্সের মাধ্যমে প্রেরণ নিশ্চিত করে ডায়রিভুক্ত করার জন্য অনুরোধ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত