২৭ জুলাই, ২০২৫ ১২:৪১
নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যাতে দেখা গেছে আগের তুলনায় দলটির আয় অনেক বেড়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা দেন।
পরে বিএনপির এ নেতা জানান, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।
সবশেষ বিএনপি ২০২৩ সালে আয় দেখিয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। আর দলটির উদ্বৃত্ত ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
২০২২ সালে বিএনপির আয় দেখানো হয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়া বাধ্যবাধকতামূলক।
এবার আওয়ামী লীগ (নিবন্ধ স্থগিত) ছাড়া ৫০টি নিবন্ধিত দলকে অডিট রিপোর্ট দিতে চিঠি দেয় ইসি। দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের হিসাব দিতে হবে চলতি ৩১ জুলাইয়ের মধ্যে।
নিয়ম অনুযায়ী, স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে রাজনৈতিক দলগুলোর।
আইন অনুযায়ী পর পর ৩ বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
আপনার মন্তব্য