সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫ ১৫:১২

ফের জামায়াতের আমির হলেন সিলেটের ডা. শফিক

গণঅভ্যুত্থানে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফের ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

তিনি তিন বছর মেয়াদে দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার রাতে আমির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম।

গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যরা (রুকন) গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এরপর দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করেন।

“প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।”

তবে তার ভোট সংখ্যা কিংবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম ও ভোটের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পদগুলোতে দায়িত্ব বণ্টন করে থাকেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন শফিকুর রহমান। এরপর হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন।

শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর, মৌলভীবাজারের কুলাউড়ায়। তিনি ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে শফিকুর।

রাজনীতিতে তার হাতেখড়ি স্কুল জীবনেই, ১৯৭৩ সালে নাম লেখান জাসদ ছাত্রলীগে। এরপর ১৯৭৭ সালে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে। এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন শেষে ১৯৮৪ সালে যোগ দেন মূল দল জামায়াতে ইসলামীতে।

ব্যক্তি জীবনে শফিকুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক, যারা সবাই চিকিৎসা পেশায় নিয়োজিত। জামায়াত আমিরের স্ত্রী আমিনা বেগমও চিকিৎসক, তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত