১৩ নভেম্বর, ২০২৫ ২৩:২৩
একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত সেক্রেটারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয় সংস্কার হল, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে ৪৮ টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি তা জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন তারপরেই তারা হ্যাঁ অথবা না ভোট দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে ভোটারদের মাঝে একটি সংকট তৈরি হবে।
তিনি বলেন, আমারা বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু ভোটকেন্দ্রে সহিংসতা হয়ে থাকে। যদি ৫ টা ভোটকেন্দ্র সহিংসতার কারণে বন্ধ হয়ে যায় সেইদিন গণভোটের দশা কি হবে এর কোনো জবাব নেই।
তিনি আরও বলেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। ওই সংকট নিরসনেই আটটি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল।
এরআগে, দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য