০৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:৫২
ছবি: সংগৃহীত
‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে’ আওয়ামী লীগের পুনর্বাসন চান সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন বিএনপির এ নেতা। এ ছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরো একটি পৃথক পোস্ট করেন।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আকবর হোসাইন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এসব পোস্টের নিচে পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্যও করেছেন।
গতকাল ফেসবুক পোস্টে আকবর লেখেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব...দিয়ে রাজনীতি চলবে না।’ পরে বুধবার দুপুরে পৃথক আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’
ফেসবুকে পোস্ট দুটি দেওয়ার কথা স্বীকার করে আকবর হোসাইন বলেছেন, ‘আমার পোস্টের যথার্থতা বুঝতে হবে। আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। আর বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করতেছে বিএনপির পরে, তারা প্রপার ওয়েতে রাজনীতিটা করতে পারতেছে না।’
আপনার মন্তব্য