সিলেটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:২৪

শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপিও

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা । তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু বলছেন না এই সংসদ সদস্যরা৷

আজ মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে৷

শপথ অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে তাঁদের ছয় সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির ছয় সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আজ বেলা ১১টার দিকে বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আমরা শপথ না নেওয়ার কথা ভাবছি তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না ।

এর আগে জামায়াতের পক্ষ্য থেকে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তাঁরা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

উল্লেখ্য ,আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তাঁরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে জানাতে গিয়ে সংবিধানে এ-সংক্রান্ত বিধান না থাকার কথা উল্লেখ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত