স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২০ ১১:১১

রামোসও পেনাল্টি মিস করেন!

ডিফেন্ডার হয়েও লা লিগায় একের পর এক গোল করে আসছেন সের্হিও রামোস। আর পেনাল্টি হলে ত কথাই নেই! ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ২৫টি স্পটকিক থেকে গোল করেছেন তিনি। সেই রামোসই কাল পেনাল্টি মিস করলেন! ম্যাচে তাও একবার নয় দু-দুবার। রামোসকে দুইবারই আটকে দিয়েছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমের।

উয়েফা নেশন্স লিগের ম্যাচে রামোসের দুই পেনাল্টি মিসের খেসারতও দিলো দল। সুইজারল্যান্ডের বিপক্ষে জিতল পারল না তারা। ফল ম্যাচ ১-১ গোলে ডঃ

কবে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন রামোস? জানা গেল, ২০১৮ সালের ৯ মে, সেভিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করার পর গত প্রায় আড়াই বছর ধরে স্পটকিকে রামোস ছিলেন অজেয়। তাকে কোনো গোলরক্ষক আটকাতে পারেননি। প্রথমবার মিস করেন ম্যাচের ৫৫ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা এক বল হেড করতে চেয়েছিলেন রামোস। কিন্তু বল গোলমুখে না গিয়ে আঘাত হানল এসি মিলানের সাবেক সুইস লেফটব্যাক রিকার্দো রদ্রিগেজের হাতে। পেনাল্টি পেল স্পেন। গোলরক্ষকের ডান দিকে একটু নিচ করে শটটা মেরেছিলেন রামোস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই শট আটকান সোমের।

দ্বিতীয় সুযোগ আসে ৮০ মিনিটে। জুভেন্টাসের স্ট্রাইকার আলভারো মোরাতাকে ডি-বক্সের মধ্যে বাজেভাবে ফেলে দেন বরুসিয়া ম’গ্লাডবাখের ডিফেন্ডার নিকো এলভেদি। এলভেদি পান লাল কার্ড, পেনাল্টি নিতে এগিয়ে আসেন রামোস। দ্বিতীয় পেনাল্টিটা ছিল প্রথমটার চেয়েও দুর্বল। পানেনকা কিক মারতে চেয়েছিলেন, ঠিকঠাক পারেননি। একদম শেষ মুহূর্তে রামোসের মনোভাব বুঝতে পেরে দ্বিতীয়বারের মতো পেনাল্টি আটকে দেন সোমের।

রামোসের দুই পেনাল্টি মিসের হতাশার পর গোল করে স্পেনকে বাঁচিয়েছেন ভিয়ারিয়ালের স্ট্রাইকার জেরার্দো মোরেনো। লেফট উইং থেকে টটেনহামের লেফটব্যাক সের্হিও রেগিলনের মাটিঘেঁষা এক ক্রসে পা ঠেকিয়ে ৮৮ মিনিটে দলকে সমতায় ফেরান এই স্ট্রাইকার।

রেকর্ড বইয়ে নাম লিখিয়েই গতকাল খেলতে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের এই অধিনায়ক। স্পেনের জার্সি গায়ে ১৭৭তম ম্যাচ খেলতে নেমে গতকাল ভেঙেছেন ইতালির সাবেক তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের রেকর্ড।

আপনার মন্তব্য

আলোচিত