স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৪:২৭

তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ঢাকা টেস্টে গুরুত্বপূর্ণ চতুর্থদিন প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পেয়েছে ২৩১ রানের লক্ষ্য। জবাবে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে যোগ করে ৫৯ রান। এরপরই যাওয়া আসার মিছিলে নেমেছে বাংলাদেশ। ৭৮ রানে হারিয়েছে ৩ উইকেট। জয়ের জন্য এখনও দরকার ১৫৩ রান। ক্রিজে আছেন মুমিনুল হক।

উইন্ডিজের ছুঁড়ে দেওয়া ২৩১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট ছোটাচ্ছিলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের ১২তম ওভারেই পূর্ণ দলীয় অর্ধশতক। আর অর্ধশতকপূর্ণের পরেই ছন্দ পতন। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে থাকা ফিল্ডারের হাতে বল তুলে দেন সৌম্য। প্রথমে উইকেটরক্ষক ক্যাচ মিস করলেও স্লিপে থাকা কর্নওয়াল হাতছাড়া করেননি সুযোগ।

তবে উইন্ডিজ খেলোয়াড়দের আবেদনের পরেও আম্পায়ার আউট না দিলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় উইন্ডিজ। আর চ্যালেঞ্জে জিতে ঠিকই সৌম্যের (১৩) উইকেট তুলে নেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

তামিমের ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে বেশ এগোচ্ছিল টাইগাররা। তবে সৌম্যর ফেরার পর অর্ধশতক তুলে নিয়ে আর উইকেটে থাকতে পারলেন না তামিম। ব্র্যাথওয়েটের দ্বিতীয় শিকার হয়ে দলীয় ৭০ রানে ফিরলেন তামিম (৫০)।

দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন নাজমুল হোসেন শান্ত (১১)। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। দলীয় মাত্র ৭৮ রানেই ফিরলেন শান্ত।

আপনার মন্তব্য

আলোচিত