স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০২১ ০০:৪৬

বেনজেমার জোড়া গোলে বার্সাকে ছাড়িয়ে দুইয়ে রিয়াল

লা লিগায় ফের পয়েন্ট তালিকার দুইয়ে ওঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে হারিয়ে বার্সেলোনাকে টপকে যায় জিনদিনে জিদানের দল। শীর্ষে রয়েছে যথারীতি আতলেতিকো মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। ১০ মিনিটের ব্যবধানে করিম বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান কমান সান্তি মিনা। শেষ দিকে চ্যাম্পিয়নদের তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও। লিগে এই নিয়ে টানা আট ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো; আট জয় ও দুই ড্র। লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে এগিয়ে গেল ১ পয়েন্টে। আতলেতিকো মাদ্রিদের থেকে পিছিয়ে রইলো ৩ পয়েন্টে।

ম্যাচের ২০তম মিনিটে দলকে প্রথম গোল এনে দেন করিম বেনজেমা। টনি ক্রুসের পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন বেনজেমা।

৩০তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সের মুখে সেল্টার মিডফিল্ডার রেনাতো তাপিয়ার পেছন থেকে ছোট্ট টোকায় তার দুই পায়ের মাঝ দিয়ে বল সামনে বাড়ান ক্রুস। আর বল ধরে একটু আড়াআড়ি গিয়ে বাঁ পায়ের শটে আসরে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা।

৪০তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সেল্টা। বাঁ দিক থেকে দেনিস সুয়ারেসের ক্রসে হেডে গোলটি করেন মিনা।

একেবারে শেষ সময়ে তৃতীয় গোলও আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। প্রতি-আক্রমণে নিজের হ্যাটট্রিকের দিকে না তাকিয়ে গোলমুখে পাস দেন বেনজেমা। ছুটে এসে হাঁটুর টোকায় শুধু বলের দিক পাল্টে দেন বদলি নামা আসেনসিও।

২৮ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ২৭ ম্যাচ খেলা বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকা মাদ্রিদের পয়েন্ট ৬৩।

আপনার মন্তব্য

আলোচিত