সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২১ ২২:১০

বেফাঁস মন্তব্যে শাস্তি হতে পারে সাকিবের

জাতীয় দল থেকে ছুটি নিয়ে সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে পারবেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির পরিচালক আকরাম খান ইঙ্গিত দিয়েছেন, তারা সাকিবকে যে অনুমতি দিয়েছেন, সেটা পুনর্বিবেচনা করা হতে পারে।

সাকিবকে এবার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হয়ে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।

বোর্ড অনুমতি দিলেও বিষয়টি তাদের পছন্দ নয়। এর মধ্যে টেস্ট খেলায় সাকিব অনাগ্রহী কি না, এ নিয়ে আকরাম খানের প্রশ্নে তৈরি হয় বিবাদ।

লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন সাকিব। আর তার এই ‘বিস্ফোরক মন্তব্যে’ ঝড় উঠেছে ক্রিকেটপাড়ায়। নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

সাকিব ইস্যু নিয়ে রোববার সন্ধ্যায় জরুরি সভায় বসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠকে উপস্থিত আছেন অন্য কর্তাব্যক্তিরাও।

ধারণা করা হচ্ছে, এই সভা থেকে সাকিবের বিষয়ে গুরুতর কোনো সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।

এর মধ্যে সাকিবের বিষয়ে বিস্তারিত না বললেও বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আইপিএল খেলার অনাপত্তিপত্র নিয়ে পুনর্বিবেচনা করবে বিসিবি। শ্রীলঙ্কায় টেস্ট খেলবে কি না জানতে চাওয়া হবে।’

এর আগে আকরাম খানের নাম উল্লেখ করে সাকিব ফেসবুকের এক লাইভে বলেন, ‘অনেকেই আছেন, তারা একসময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।’

সাকিব এমন বক্তব্য করতে পারেন না বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার হয়ে বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারেন না সাকিব।’

টেস্ট খেলায় সাকিবের অনাগ্রহের বিষয়টি গণমাধ্যমে প্রথম খোলাসা করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্যে উঠে আসে সাকিবের টেস্ট খেলা নিয়ে অনাগ্রহের কথা।

এরপরই ফেসবুকে লাইভে বিষয়টি পরিষ্কার করেন সাকিব। জানান, বছরের শেষদিকে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই টেস্ট সিরিজের বদলে আইপিএল খেলতে চেয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বারবার কথা হচ্ছে এই টেস্ট নিয়ে। আমি যখন বিসিবিকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে আমি টেস্ট খেলতে চাই না বা খেলবো না- তারা এই চিঠিটা পড়েনি। এটা হচ্ছে বড় কথা। আমি আমার চিঠির কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি যে, আমি ওয়ার্ল্ড কাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই।’

সাকিব আঙুল তোলেন আকরাম খানের দিকে। বলেন, আকরাম তার চিঠি খুলেই দেখেননি।

‘এরপর আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা, উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। তারা যে ডিসিশনটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা, উনি লেটারটা পড়েননি’, বলেন সাকিব।

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। সেখান সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

আপনার মন্তব্য

আলোচিত