০১ জুন, ২০২১ ০০:০৪
শুরুর সিদ্ধান্ত অনুযায়ী এবারের কোপা আমেরিকার আসর বসার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। রাজনৈতিক অস্থিরতায় প্রথমেই বাদ পড়ে যায় কলম্বিয়া। এরপর এককভাবে এবারের আসর আয়োজনের কথা ছিল আর্জেন্টিনার, কিন্তু শেষ মুহুর্তে এসে সেই সিদ্ধান্ত বদলাল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।
সোমবার কোপা আমেরিকার স্বাগতিক হিসেবে ব্রাজিলের নাম জানায় কনমেবল। নির্ধারিত ১৩ জুনেই শুরু হবে আসরটি। শেষ হবে ১০ জুলাই।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় গত ২০ মে তাদের নাম বাদ পড়ে। আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় কনমেবল নতুন সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে সোমবার কনমেবল জানায়, “কোপা আমেরিকা ২০২১ হবে ব্রাজিলে। শুরু এবং শেষের তারিখ নিশ্চিত হয়েছে। পরবর্তীতে আয়োজক শহর এবং ম্যাচগুলোর বিস্তারিত জানিয়ে নেওয়া হবে।”
এরআগে পাঁচবার এ প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রাজিল এবং প্রতিবারই শিরোপা জিতেছে তারা।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে চার লাখের বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়।
মূলত আর্থিক কারণেই টুর্নামেন্ট বাতিল বা স্থগিত করে দিতে অনীহা কনমেবলের। ২০১৯ সালে ব্রাজিলে হওয়া টুর্নামেন্ট থেকে আয় ছিল ১১.৮ কোটি ডলার, যা ছিল সংস্থাটির আয়ের দ্বিতীয় সর্বোচ্চ উৎস। এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দলের পাওয়ার কথা অন্তত ৪০ লাখ ডলার করে, চ্যাম্পিয়ন দলের বাড়তি পুরস্কার ১ কোটি ডলার।
আপনার মন্তব্য