স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২১ ১১:৪৮

কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা কাটল

কোপা আমেরিকার আয়োজনের শুরুতেই পড়েছিল বৈশ্বিক মহামারি করোনার হানা। এরফলে এক বছর মাঠে গড়াতেই পারেনি টুর্নামেন্ট। এবার কলম্বিয়া ও আর্জেন্টিনার আয়োজক হওয়া নিয়েও বিপত্তি বাঁধে; রাজনৈতিক অস্থিরতা ও করোনার কারণে। এরপর আয়োজনের দায়িত্ব গিয়ে পড়ে ব্রাজিলের কাঁধে।

ব্রাজিলেও আয়োজন নিয়ে প্রথমে আপত্তি তুলে খেলোয়াড়েরা, স্পন্সররা। খেলোয়াড়েরা তাদের অবস্থান থেকে সরে গেলেও সেটা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে এসেছে সেখান থেকেও রায়, আর এতে টুর্নামেন্টের ওপর থেকে অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করতে পারে ব্রাজিল—কাল এই রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

করোনার মধ্যে কোপা আমেরিকা আয়োজন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে, যা অগ্রহণযোগ্য—এর আগে এই অভিযোগ তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এ নিয়ে অনলাইনে এক সেশনে ১১ জন বিচারকের বেশিরভাগ এই শুনানিতে বাদীর বিরুদ্ধে সিদ্ধান্ত দেন। তবে বেশির ভাগ বিচারক ব্রাজিল সরকারকে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিচারক কারমেন লুসিয়া তার রায়ে বলেছেন, ‘স্বাস্থ্য নিয়ে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজ্য সরকার ও মেয়রদের। “কোপাভাইরাস” এবং নতুন সংক্রমণ ও ধরন এড়াতে সেসব বিধিনিষেধ মেনে চলতে হবে।’

করোনা মহামারিতে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মাস দেরিতে শুরু হচ্ছে কোপা আমেরিকা। কলম্বিয়া ও আর্জেন্টিনা ছিল মূল আয়োজক দেশ। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যে আয়োজনের ভার ব্রাজিলের ওপর ন্যস্ত করা হয়। তখন থেকেই বিতর্ক চলছিল, ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন ঠিক হচ্ছে কি না? কেননা, ব্রাজিলও করোনার সংক্রমণে ভুগছে। মৃতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ব্রাজিলেই করোনাভাইরাসের সংক্রমণে এত বেশিসংখ্যক মানুষ মারা গেছেন।

এরই মধ্যে এবারের কোপা আমেরিকা থেকে দুটি বড় স্পনসর প্রতিষ্ঠান তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। কোপার সঙ্গে থাকলেও অন্তত এই টুর্নামেন্টে তারা কোনো কিছু চালু রাখবে না। এমনকি ব্রাজিল দলের খেলোয়াড়েরাও শুরুতে অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও দেশের প্রতিনিধিত্ব করতে তাঁরা আপত্তি তোলেননি। রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হয়ে কোপা অভিযান শুরু করবে তিতের দল।

করোনার কারণে এবার টুর্নামেন্টের ম্যাচগুলো দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে। প্রতি ৪৮ ঘণ্টা পরপর দলগুলোর করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক। খেলোয়াড় ও স্টাফদের চলাফেরাও থাকবে সীমিত পর্যায়ে। চারটি আয়োজক শহরে ভাড়া করা বিমানে যাতায়াত করবেন খেলোয়াড়েরা।

আপনার মন্তব্য

আলোচিত