স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০২১ ০১:৫৮

ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

ওয়েলসকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ডেনমার্ক। ডেনিশদের হয়ে জোড়া গোল করেছেন কাসপের ডলবার্গ, অপর গোল দুটি করেছেন ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।

শনিবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে ৪-০ গোলে জিতেছে ডেনমার্ক। এই জয়ের মাধ্যমে ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ১৯৯২ আসরের চ্যাম্পিয়নরা।

শুরু থেকেই ওয়েলসকে চেপে ধরা ডেনমার্ক ২৭তম মিনিটে ডেনমার্ক। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে একজনকে কাটিয়ে মিকেল পাস দেন ডলবার্গকে। জায়গা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী ফুটবলার।

৪৮তম মিনিটে ব্যবধান বাড়ায় ডেনমার্ক। ডান দিক দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ব্র্যাথওয়েটের পাস ক্লিয়ার করতে পারেননি ওয়েলস ডিফেন্ডার নেকো উইলিয়ামস। বল চলে যায় ডলবার্গের পায়ে। সেখান থেকে ডান পায়ের শট বল জড়ায় জালে।

৮৮তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেইল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে মেইলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ওয়েলসের হ্যারি উইলসন।

যোগ করা সময়ে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন ব্র্যাথওয়েট। প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। উৎসবে মাতে ডেনমার্ক।

শেষ আটে আগামী শনিবার নেদারল্যান্ডস ও চেক রিপাবলিকের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ডেনমার্ক।

আপনার মন্তব্য

আলোচিত