০৩ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৪
ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী মৌসুমের শুরুতে যে খেলোয়াড়ের নামের সঙ্গে জার্সি নম্বর নিবন্ধিত হয় তাকে এই জার্সি পরে পুরো মৌসুম খেলতে হয়। কিন্তু নামটা যে ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তার নামের সঙ্গে ‘সিআর-৭’ উপমা। সেখানে এই জার্সি না পেলে কেমন হয়?
জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। সন্দেহ ছিল ৭ নম্বর জার্সি পাবেন কি না, কারণ এই জার্সিটা আগে থেকেই দলটির উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানির নামে নিবন্ধিত করা। কাভানি রোনালদোর সম্মানে জার্সিটা দিতে চাইলেও বাঁধ সাধছিল প্রিমিয়ার লিগের নিয়ম। যদি কোনো ফুটবলার জার্সি পাওয়ার পর মৌসুমের মাঝখানে ক্লাব ছেড়ে চলে যান, তবেই কেবল সেই জার্সি হাতবদল হতে পারে। তাই শেষমেষ একজন ফুটবলারকে বিক্রি করে দিয়ে বিক্রয় হওয়া খেলোয়াড়ের জার্সি নম্বর কাভানিকে দিয়ে তবেই রোনালদোকে ৭ নম্বর জার্সি দিয়েছে ম্যান ইউ।
ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে, ৭ নম্বর জার্সিটি পর্তুগিজ এই মহাতারকাকে দেওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ম্যানচেস্টার যে কৌশল খাটিয়েছে সেটি হচ্ছে, দলের ২১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ড্যানিয়েল জেমসকে ছেড়ে দিয়েছে তারা। উরুগুয়ে জাতীয় দলে কাভানি ২১ নম্বর জার্সি পরে খেলেন। তাই ইউনাইটেডে তার ২১ নম্বর পরতে আপত্তি নেই। এখন কাভানিকে ২১ দিয়ে রোনালদোকে দেওয়া হয়েছে তার প্রিয় জার্সি নম্বর ৭।
ওল্ড ট্র্যাফোর্ড রোনালদোর মহাতারকা হয়ে ওঠার সিঁড়ি। নিজ দেশের ক্লাব স্পোর্তিংয়ে ক্যারিয়ার শুরুর এক বছরের মাথাতেই ২০০৩ সালে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি পান ডেভিড বেকহামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটি। এরপর ২০০৯ সালে সে সময়কার রেকর্ড ট্রান্সফার ফিতে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সবকিছু জিতে রোনালদো নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে যান ইতালির তুরিনে, জুভেন্টাসে খেলতে। রিয়ালে শুরুর মৌসুম বাদে রিয়াল, জুভেন্টাস—দুই ক্লাবেই তিনি ৭ নম্বর জার্সি পরেছেন। এক যুগ পর ফিরেছেন নিজের পুরোনো ক্লাবে। আবারও ৭ নম্বর জার্সিতে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিটি যথেষ্ট মহিমান্বিত। এ জার্সি পরে ‘রেড ডেভিল’দের অনেক কিংবদন্তি তারকাই খেলেছেন। তাদের মধ্যে আছেন—জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহাম।
১১ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন করে অভিষেক হতে পারে রোনালদোর। সেদিন নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচেই ৭ নম্বর জার্সিতে আবার দেখা যেতে পারে তাকে।
এবারের মৌসুমে এইসময়ের অপর অন্যতম সেরা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন, কিন্তু তিনি পাননি তার কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সি। পিএসজিতে নাম্বার টেন জার্সি পরে খেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মেসিকে তাই খেলতে হচ্ছে ৩০ নম্বর জার্সি পরেই। মেসি আর্জেন্টিনা দলে ১০ নম্বর পরে খেলেন এবং বার্সেলনায় একই নম্বরের জার্সি পরে খেলতেন।
আপনার মন্তব্য