০৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪১
প্রথম টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবার পর নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। টম ল্যাথামের দারুণ ব্যাটিংয়ে সেই আশা জাগে। তবে বোলিং-ফিল্ডিংয়ে শেষ দিকে কিছুটা তালগোল পাকালেও শেষ হাসি হাসে বাংলাদেশ।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা।
এই জয়ের ফলে চলমান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
এ ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। তখন জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম তিন বলে কিউইরা সংগ্রহ করে ৬ রান। শেষ ১ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬ রানের। কিন্তু দারুণ ব্যাটিং করা কিউই অধিনায়ক ল্যাথাম শেষ বলে মাত্র ১ রান করেন। এতেই রোমাঞ্চ ছড়িয়ে দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। আগামী রোববার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক পার করেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন ২৯ বলে ৩৩ রান করলেও শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬ বলে ১২ রান করে ফিরে যান সাকিব। রাচিন রবীন্দ্রকে একপা বাড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মোহাম্মদ নাঈম। তিনি দলে হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে রাচিন রবীন্দ্র তিন উইকেট নেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে ভাল সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। বাংলাদেশ দলের প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন সাকিব। সাকিব আল হাসানের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত আনেন মেহেদি হাসান। মেহেদীর বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন টম ব্লান্ডেল। উইল ইয়াংকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাকিব। অফস্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন ২৮ বলে ২২ রান করা ইয়াং। নিউজিল্যান্ডের ৮৪ রানের মাথায় ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। দলের হয়ে অধিনায়ক টম লাথাম ৫২ রানে অপরাজিত থাকেন। ফলে ৪ রানে জয় পায় বাংলাদেশ।
আপনার মন্তব্য