০৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৭
শুরুতে নাসুম আহমেদ ও পরে মোস্তাফিজুর রহমানের আঘাতে ১০০ রানও করতে পারেনি নিউ জিল্যান্ড। দুজনেই নেন ৪টি করে উইকেট। ১৯ ওভার ৩ বলে ৯৩ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের লক্ষ্য দাঁড়ালো ৯৪ রান। নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং। এ ছাড়া টম লাথাম ২১ ও ফিন অ্যালেন ১২ রান করেন।
এর আগে টস হেরে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই চতুর্থ বলেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে ফেরান নাসুম। তার ঘূর্ণিতে উড়িয়ে মারতে গিয়ে সাইফউদ্দিনের তালুবন্দী হন রাচিন। ৫ বল খেলে খালি হাতেই ফেরেন তিনি।
কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হানেন নাসুম। আগের ওভারে রিভার্স সুইপে ছক্কা পেয়েছিলেন ফিন অ্যালেন। তৃতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতেও রিভার্স করতে চেয়েছিলেন তিনি, ফলাফল পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। ৮ বলে ১২ রান করে আউট হন তিনি।
দ্রুত দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে টেনে তুলছিল ল্যাথাম-ইয়াং জুটি। ১১তম ওভারে মেহেদীর বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন ল্যাথাম। ২৬ বলে ২১ রান করেন ল্যাথাম।
বাংলাদেশের স্পিনে আবারো বিপর্যস্ত নিউ জিল্যান্ড। টানা দুই বলে দুই উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। দুর্দান্ত এক স্পিনে হেনরি নিকোলসকে বোল্ড করেন তিনি। এরপরের বলেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান গ্রান্ডহোমকে।
এবার নিজের দ্বিতীয় ওভারে স্লোয়ারে ব্ল্যান্ডেলকে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। ১০ বলে ৪ রান করেন তিনি। ওভারের শেষ বলে নিজেই ফিরতি ক্যাচ নিলেন ম্যাকনকির। ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি।
চোট থেকে ফিরে বোলিংয়ে এসেই এজাজ প্যাটেলকে বোল্ড করেন সাইফউদ্দিন। শেষ ওভারে এসে ফের জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। আর তাতেই ৯৩ রানে অল আউট নিউ জিল্যান্ড। সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ৯৪ রান। এই ম্যাচ জিতলেই টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতবে মাহমুদউল্লাহর দল।
মিরপুরে আজ অপরিবর্তিত দল নিয়ে খেলছে মাহমুদউল্লাহরা। তবে উইনিং কম্বিনেশন ভেঙে দুইটি পরিবর্তন রেখেছেন টম লাথাম। চতুর্থ ম্যাচে জায়গা হারিয়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগ্গেলেইজন। তাদের জায়গায় ফিরেছেন পেসার হাশিম বেনেট ও ব্লেয়ার টিকনার।
আপনার মন্তব্য