স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৭

ব্রাজিলের আটে আট

বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ছুটে চলছে ব্রাজিল। আট ম্যাচ খেলে সবকটি ম্যাচ জিতেছে তিতের দল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমার ও এভেরতন রিবেইরোর গোলে লাতিন আমেরিকা থেকে সবার আগে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের চতুর্দশ মিনিটে। সাইডলাইনে পেরুর ডিফেন্ডার আন্দেরসন সান্তামারিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে বাইলাইন থেকে নেইমার খুঁজে নেন রিবেইরোকে। বাকিটা অনায়াসে সারেন তিনি।

৪০তম মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ডি-বক্সের মাথা থেকে রিবেইরোর বুলেট গতির শট পেরুর একজনের পায়ে লেগে ফিরলে পেয়ে যান নেইমার। সেখান থেকে জয়সূচক গোল করেন এই সুপারস্টার।

পেরুর বিপক্ষে প্রথম দেখায় ৪-২ গোলে জিতেছিল ব্রাজিল। সেবার হ্যাটট্রিক করেছিলেন নেইমার। এবারের জয়েও তিনি রাখলেন বড় ভূমিকা।

বাছাইয়ে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই ব্রাজিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে আছে তাদের পরেই। আগের রাউন্ডে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি। কিন্তু করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা শুরু হতে না হতে স্থগিত হয়ে যায় ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত