স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫৯

জোড়া গোলে প্রত্যাবর্তন রাঙালেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মহাতারকা হয়ে ওঠার সিঁড়ি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো। ১২ বছর পর পুরনো সেই ক্লাবে ফিরেই জোড়া গোলে রাঙালেন তার প্রত্যাবর্তন।

ওল্ডট্রাফোর্ডের গ্যালারি সেজেছিল রোনালদোকে বরণ করে নিতে। ভক্তদের আশাহত করেননি বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। বড় জয়ে দলকে নিয়ে গেলেন শীর্ষে, একই সঙ্গে স্বপ্নের মতোই শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় অভিষেক।

প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর জোড়া গোলের পর অসাধারণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। এরপর শেষ গোলটি করেন জেসে লিনগার্ড।

ম্যাচের প্রথম মিনিটেই বল পায়ে আসে রোনালদোর। সেখান থেকে কিছু করতে পারেননি। ম্যাচের নবম মিনিটেই দুরূহ কোণ থেকে প্রথম প্রচেষ্টায় শট নিতে ব্যর্থও হলেন তিনি। তাতে কী, রোনালদো যে থেমে থাকার পাত্র নন। অবশেষে বিরতির ঠিক আগে পেলেন প্রতীক্ষিত গোল। ম্যাসন গ্রিনউডের সোজাসুজি শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা রোনালদো আলগা বল টোকায় জালে পাঠান। উল্লাসে ফেটে পড়ে ওল্ডট্র্যাফোর্ড।

দিনের হিসাবে এটা ১২ বছর ১২৪ দিন। মাঝখানে রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসে একের পর এক গোল করে আবারও প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন রোনালদো। ম্যানচেস্টার ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার বছর ২০০৯ সালের মে মাসে সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছিলেন তিনি।

ম্যাচের ৫৬তম মিনিটে এক প্রতি-আক্রমণে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় তারা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে সমতা টানেন হাভি মানকিলো।

৬২তম দারুণ নৈপুণ্যে আবারও দলকে এগিয়ে নেন রোনালদো। লুক শয়ের পাস পেয়ে দুই জনের মধ্যে দিয়ে প্রথম ছোঁয়ায় বল সামনে বাড়িয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সব মিলিয়ে এই জার্সিতে তার মোট গোল হলো ১২০। ছয় বছরের প্রথম মেয়াদে করেছিলেন ১১৮টি।

৮০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ানোর পাশাপাশি জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন ফের্নান্দেস। অনেক দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে এই পর্তুগিজ মিডফিল্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ পাসিং ফুটবলে ওঠা আক্রমণে স্কোরলাইন ৪-১ করেন লিনগার্ড। পল পগবার পাস বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিচু শটে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।

লিগে এই নিয়ে টানা দ্বিতীয় ও আসরে তৃতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। সঙ্গে এক ড্রয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত