স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৩

৭৬ হাজার দর্শক উপস্থিতিতে ‘চাপে’ ছিলেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে দ্বিতীয় মেয়াদে খেলা শুরুর মুহূর্ত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ‘চাপে’ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে এমনটাই জানালেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফিরলেন ওল্ড ট্র্যাফোর্ডে পুনরিভিষেকের মুহূর্তের আগে থেকেই কানায়-কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। ৭৬ হাজার দর্শকের উপস্থিতি ছিল ম্যাচে। তাদের বেশিরভাগই রোনালদোর নাম্বার সেভেন ও নামাঙ্কিত জার্সি পরে এসেছিলেন। সারাম্যাচে রোনালদো-রোনালদো চিৎকারে মাতিয়েছিলেন স্টেডিয়াম।

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোনালদোর দল জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। রোনালদো করেছেন জোড়া গোল।

স্বপ্নের মত এমন এক প্রত্যাবর্তনের পর তিনি জানালেন, এমন ম্যাচের আগে নাকি দারুণ স্নায়ুচাপে ছিলেন তিনি! ম্যাচের যা পারফর্ম্যান্স, সেটাকে অবশ্য পর্তুগিজ এই কিংবদন্তি আখ্যা দিলেন ‘অবিশ্বাস্য’ বলেই।

রোনালদো জানালেন, শুক্রবার রাত থেকেই চাপ অনুভব করতে থাকেন তিনি। খেলতে নামার আগে যখন দেখলেন ৭৬ হাজার মানুষের চিৎকারে মিশে আছে তারই নাম, তখন সেটা বেড়ে গেল পাল্লা দিয়ে। রোনালদোর সরল স্বীকারোক্তি, ‘সত্যি বলছি, খুব চাপে ছিলাম। যোগ্য হিসেবেই এই দলে খেলছি আমি, সেটা প্রমাণ করতে হবে আমাকে; এ ভাবনাটা মাথায় ঘুরছিল শুক্রবার রাত থেকেই। সে চাপটা ছিল। মাঠে নামার পর থেকেই সমর্থকদের চিৎকার আরও চাপ বাড়িয়ে দেয়।’

রোনালদো বলেন, ‘ভাবিনি দুটো গোল করে ফেলব। আমি ভাল খেলতে চেয়েছিলাম। চাপে থাকলেও কাউকে বুঝতে দিইনি। সমর্থকদের খুশি করতে পেরে গর্বিত।’

রোনালদো বলেন, ‘গোটা বিশ্বের ফুটবলের থেকে ইংল্যান্ডের ফুটবল যে একেবারে আলাদা তা আমিও মানি। এখানে এসে যে সম্মান আমি পেয়েছি তাতে আমি অভিভূত।’

আপনার মন্তব্য

আলোচিত