১৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫২
দুই-দুইবার এগিয়ে গিয়ে চমকে দিয়েছিল সেল্তা ভিগো। শেষ রক্ষা হয়নি তবু। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ
সান্তিয়াগো বের্নাবেউয়ে ১৮ মাস পর ফেরার ম্যাচে রোববার রাতে ৫-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও অভিষিক্ত এদুয়ার্দো কামাভিঙ্গা।
চমকের শুরু ম্যাচের চতুর্থ মিনিটেই। প্রতিপক্ষের একটি আক্রমণে ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেলেন কাসেমিরো ও নাচো ফের্নান্দেজ। সেই সুযোগে ইয়াগো আসপাস বল ধরে ছোট পাস দেন সান্তি মিনাকে আর স্প্যানিশ এই ফরোয়ার্ড কোনাকুনি শটে সেল্তাকে এগিয়ে নেন।
২৪তম মিনিটে ম্যাচের সমতা ফেরে। কাসেমিরোর দূরের পোস্টে উঁচু করে বাড়ানো বল ভলিতে কাটব্যাক করেন ফেদে ভালভেরদে। আর পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে সমতা টানেন বেনজেমা।
এরপর ফের চমক। পাল্টা আক্রমণে ৩১তম মিনিটে আবার এগিয়ে যায় সেল্তা। সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে এমানুয়েল সের্ভির ব্যাকহিল প্রচেষ্টা পোস্টে বাধা পায়, তবে ফিরতি বল দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠাতে ভুল করেননি এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবারও উদযাপনের উপলক্ষ এনে দেন বেনজেমা। মিগেল গুতিয়েরেসের ক্রসে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে হেডে স্কোরলাইন ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড। লিগের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।
আট মিনিট পর দারুণ গোলে রিয়ালকে প্রথমবারের মতো এগিয়ে নেন ভিনিসিয়াস। বেনজেমার পাস ধরে মাঝমাঠ থেকে এক ছুটে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলরক্ষকের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয় রাউন্ডে লেভান্তের মাঠে ৩-৩ ড্রয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।
৬৮তম মিনিটে আজারকে তুলে নিয়ে কামাভিঙ্গাকে মাঠে নামান কোচ। অভিষেকে চার মিনিটের মাথায় গোল পেয়ে যান তরুণ এই ফরাসি মিডফিল্ডার। লুকা মদ্রিচের শট গোলরক্ষক ঠেকালেও দলকে বিপদুমক্ত করতে পারেননি, আলগা বল অনায়াসে জালে পাঠান ১৮ বছর বয়সী কামাভিঙ্গা।
ম্যাচের ৮৭তম মিনিটে স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। আসরে এখন পর্যন্ত চার ম্যাচে ৫ গোল করে তালিকার শীর্ষে বেনজেমা।
দিনের অন্য ম্যাচে ওসাসুনার মাঠে ৪-১ গোলে জেতা ভালেন্সিয়া চার ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আরেক ম্যাচে এস্পানিওলকে ২-১ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ১০, তিন নম্বরে আছে তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।
আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।
আপনার মন্তব্য