স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৭

নিউ জিল্যান্ড সিরিজ বাতিলের সম্ভাবনা নেই: পাপন

নিউ জিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগ থেকেই টাইগার শিবিরে করোনার হানা। দফায় দফায় বাড়ানো হচ্ছিল কোয়ারেন্টিনের সময়। একই সঙ্গে শঙ্কা জেগেছিল সিরিজ বাতিলের।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এলো সিদ্ধান্ত। আপাতত নিউ জিল্যান্ড সিরিজ বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১৮ ডিসেম্বর) বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি বস।

পাপন বলেন, ‘সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই। ২১ তারিখের পর আমাদের অনুশীলনে নামার কথা রয়েছে। সেটি যদি না হয়, তখন আমরা নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। তখন একটা সিদ্ধান্ত আসবে। কারণ এরপর ওদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। তবে এখন সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।’

নিউ জিল্যান্ড সিরিজের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা করোনায় আঘাতে জর্জরিত। বিমানে এক করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় বাড়িয়ে দেয়া হয়েছিল স্টাফসহ ৯ ক্রিকেটারের কোয়ারেন্টিন সময়কাল।

এরপর দ্বিতীয় বাধা আসে যখন টাইগার স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের দেহে করোনা শনাক্ত হয়। এরপর বিশেষ সতর্কতাবশত সাত দিনের কোয়ারেন্টিন ১০ দিনের করে দেয় নিউ জিল্যান্ড সরকার।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সূত্র এর আগে জানিয়েছিল, হেরাথের ভ্যারিয়েন্ট ওমিক্রন না ডেলটা তার ওপর নির্ভর করবে সিরিজটির ভবিষ্যৎ। তখনই গুঞ্জন উঠেছিল সিরিজ বাতিলের।

আপনার মন্তব্য

আলোচিত