স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ০১:৫৭

৩১ বছর পর স্বাধীনতা কাপ আবাহনীর

স্বাধীনতা কাপ ফুটবলে ৩১ বছর পর চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। শনিবার ফাইনালে প্রতিযোগিতার আগেরবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারায় আবাহনী।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করে নেয় আকাশি-নীলরা। সুবাদে দীর্ঘ তিন বছর পর কোনো শিরোপার স্বাদ মিলল মারিও লেমোসের দলের। আবাহনীর কোচ হিসেবেও লেমোসের এটি প্রথম সাফল্য।

আবাহনীর হয়ে জোড়া গোল করেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তোও। অন্য গোলটি আসে রাকিবের কাছ থেকে।

৫৪ মিনিটে রাকিব গোল করেন। ৬১ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান দোরিয়েলতন গোমেজ। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান।

শুধু স্বাধীনতা কাপের কথা বললে তিন দশক পর এই আসরে চ্যাম্পিয়ন হলো আবাহনী। সবশেষ ১৯৯০ সালে এই আসরে শিরোপা জিতেছিল আকাশি-নীলরা।

আর সব প্রতিযোগিতা মিলে সবশেষ ২০১৮ সালে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল দেশের ফুটবলের অন্যতম সফল এই ক্লাবটি। সেবার বসুন্ধরাকে হারিয়েই শিরোপা জিতে নেয় আবাহনী। তবে এরপর ঘরোয়া ফুটবলে একক রাজত্ব করেছে বসুন্ধরা। এবার তাদের সেই ধারায় ছেদ পড়ল। শিরোপা হারাতে হলো আবাহনীর কাছে।

আপনার মন্তব্য

আলোচিত