স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ২২:০৩

শ্রীলঙ্কার জালে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে ১২ গোল দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

রোববার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারায় গোলাম রাব্বানি ছোটনের বাহিনী।

এরআগে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে জয়ে ফিরে বাঘিনীরা। তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখে মেয়েরা। শেষ ম্যাচে শ্রীলঙ্কার জালে এক ডজনবার বল জড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখে অপরাজিতভাবে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের জার্সিতে হ্যাটট্রিক করেন ডিফেন্ডার আফেদা খন্দকার ও ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন আনুচিং মগিনি ও রিতুপর্না চাকমা। একটি করে গোল করেন উন্নতি ও আঁখি খাতুন।

আগামী ২২ ডিসেম্বর একই ভেন্যুতে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের পরস্পর মুখোমুখিতে ভারতকে এক গোলে হারিয়েছে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত