২৮ ডিসেম্বর, ২০২১ ১২:১৫
স্কট বোল্যান্ডর আগুনঝরা বোলিংয়ে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে অ্যাশেজ নিজেদের ঘরে পুরে নিয়েছে অজিরা।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টিতে ইনিংস ও ১৪ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে আগের দিনে ২৪ রানে ৪ উইকেট খুঁইয়ে হারের প্রহর গুনছিল ইংলিশরা। পরদিন সাতসকালেই যে সব শেষ হয়ে যাবে বিষয়টি কে জানত? শেষ ৬ উইকেটে আগের দিনের সঙ্গে আর মাত্র ৪৪ রান যোগ করে ৬৮ রানেই গুটিয়ে যায় জো রুটদের ইনিংস।
এর ফলে এক ইনিংস ও ১৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। আর এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ তে এড়িয়ে সিরিজ জিতেছে অজিরা।
২৪ রানে ৪ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। উইকেটে অধিনায়ক রুট থাকাতে অন্তত লড়াইয়ের আশা দেখছিলেন ইংলিশ সমর্থকেরা। বছরজুড়ে রানের ফোয়ারা ফোটানো রুটও পারলেন না ধ্বংসস্তূপে বাঁধ দিতে। দিনের শুরুটা অধিনায়কের সঙ্গী বেন স্টোকসকে দিয়ে। মিচেল স্টার্কের বলে ১১ রানে ফিরে যান ইংলিশ অলরাউন্ডার।
ইংলিশ ব্যাটসম্যানদের যাওয়া-আসার পথটা দীর্ঘ করে ম্যাচের বাকি গল্পটা স্কট বোল্যান্ডের। অভিষিক্ত এই অস্ট্রেলিয়ার পেসারের তোপের মুখে পড়েন জনি বেয়ারেস্টো-রুটরা। মাত্র ৪ ওভারে সাত রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকও এলোমেলো করে দেন ৩১ বছর বয়সী বোল্যান্ড। বয়স ৩০ পেরোনোর পরও কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার।
আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন বোল্যান্ড। সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ায় রেকর্ডে স্বদেশি আর্নি তোশ্যাক ও ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের পাশে বসেছেন। তিনজনই ১৯ বলের ব্যবধানে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জয়ের উচ্ছ্বাসে ভাসান ক্যামেরুন গ্রিন।
আগামী ৫ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যেকার চতুর্থ টেস্ট শুরু হবে।
আপনার মন্তব্য