০৩ জানুয়ারি, ২০২২ ১৪:২৮
স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট চলছে নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। খ্রিষ্ট্রীয় নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া এই টেস্টের তৃতীয় দিন শেষ হয়েছে। তিনদিন শেষে স্বাগতিকদের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে চার উইকেট হাতে রেখে লিড নিয়েছে ৭৩ রানের।
সবুজ স্টেডিয়ামে দর্শক সারিতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। নিউ জিল্যান্ডের দর্শকেরা যথারীতি ভালো খেলাকে সমর্থন করে গেছেন দিনজুড়ে। কেবল খেলায় দেখাতেই সীমাবদ্ধ নন তারা, খেলা উপভোগ করতে এসেছেন অনেকেই, পরিবার নিয়ে।
দর্শক সারির একটা অংশে বেশ কজনকে খেলতেও দেখা গেছে টেলিভিশনে। একটা বাচ্চা ছেলের দৌড়ও চোখ এড়ায়নি ক্যামেরার। তাকে নিয়েও আনন্দে ভাসতে দেখা গেছে দর্শকদের।
এরই মধ্যে নজর কেড়েছে এক তরুণীকে যিনি রোদ পোহানো আর খেলা দেখার ফাঁকে মেলে ধরেছেন একটা বই। মাঠে থাকা ওই তরুণীর মনোযোগ বইয়ের প্রতিও। ক্রিকেট উপভোগের পাশাপাশি জ্ঞানার্জনও! সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ছবি এসেছে। অনেকে এনিয়ে প্রশংসায় ভাসিয়েছেন ওই তরুণীকে, আর দেশটির দর্শকদের।
ইনিংস তখন ১১১তম ওভারে। ক্রিজে ছিলেন বাংলাদেশ দলের দুই হাফসেঞ্চুরিয়ান অধিনায়ক মমিনুল হক ও লিটন দাস। বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৯২ রান।
দিনশেষে অবশ্য মমিনুল-লিটন দুজনই আউট হয়ে গেছেন। মমিনুল আউট হয়েছেন ৮৮ রান করে, লিটনের সংগ্রহ ৮৬ রান। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। কাল ইয়াসির আলী (১১) আর মেহেদি হাসান মিরাজ (২০) বাংলাদেশের সংগ্রহকে আর একটু বাড়িয়ে নিয়ে ব্যাট হাতে নামবেন ফের।
আপনার মন্তব্য