১৯ ফেব্রুয়ারি , ২০২২ ১৩:২৯
জাতীয় দলের ব্যাকআপ মজবুত রাখতে বিসিবি বাংলা টাইগার্স নামে ছায়া জাতীয় দলের কার্যক্রম শুরু করছে। 'এ' দলের আদলে বিশেষ এই প্রোগ্রামের জন্য ২৩ সদস্যের দলে রাখা হয়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হককে।
মুমিনুল ছাড়াও জায়গা পেয়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকাররা। টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলামকেও রাখা হয়েছে তাতে। আছেন সাইফ হাসানও বিপিএলে পারফরম্যান্স দেখিয়ে বাংলা টাইগার্সে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।
বিপিএলে পারফর্ম করা আরেক তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও নেওয়া হয়েছে এই দলে। অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের ঠিকানাও এখন বাংলা টাইগার্স। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত নিজেদের ফিরে পাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন বিশেষ এই প্রোগ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই ক্রিকেটারদের নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প।
মূলত জাতীয় দলের বাইরে থাকা এবং জাতীয় দলের কাছাকাছি থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের তৈরি রাখতে 'বাংলা টাইগার্স' চালুর উদ্যোগ নেওয়া হয়। চলতি বোর্ডে বাংলা টাইগার্সের নামে একটি কমিটি করে তার দায়িত্ব দেওয়া হয় বোর্ড পরিচালক কাজী ইনাম আহমেদকে। তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্লাটফর্ম হবে এই দল।
বাংলাদেশ জাতীয় দল যখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবে তখন চলবে বাংলা টাইগার্সের ট্রেনিং। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় প্রস্তুতির অংশ হিসেবে এখানে আছেন মুমিনুল। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে মুমিনুলের হাতে কোন খেলা নেই। বিসিবি সেই ভাবনা থেকেই টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহি, অফ স্পিনার নাঈম হাসানদেরও যুক্ত করেছে তাতে।
বাংলা টাইগার্স: মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী।
আপনার মন্তব্য