০৫ মার্চ, ২০২২ ০৪:০৪
কিংবদন্তি পেস বোলার অ্যালান ডোনাল্ডকে নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি।
নিউ জিল্যান্ড সফর শেষে ওটিস গিবসন চুক্তির মেয়াদ না বাড়ানোয় এতদিন কোনো পেস বোলিং কোচ ছিল না বাংলাদেশ দলের।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকা নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯২ সালে টেস্ট অভিষেক হয় ডোনাল্ডের। এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯৯৮ সালে উঠেছিলেন শীর্ষে। ক্রিকেট ছাড়ার পর যোগ দেন ধারাভাষ্যে। ২০০৭ সালে কিছু দিন কাজ করেন ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে। এর থেকে আরও অনেক দলের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার।
কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের সঙ্গে কাজ করার পর ২০১০ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট দল মাউন্টেনিয়ার্সের কোচ হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ছিলেন নিউ জিল্যান্ডের বোলিং কোচ। সেই বছরই স্বদেশের বোলিং কোচ হন ডোনাল্ড। গ্যারি কার্স্টেন সরে যাওয়ার পর রাসেল ডমিঙ্গো কোচ হলেও নিজের দায়িত্বেই থেকে যান তিনি। এবার বাংলাদেশের ক্রিকেটে আবার ডমিঙ্গোর সঙ্গে কাজ করার সুযোগ তার সামনে।
২০১৬ সালে কিছু দিন অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শক ছিলেন ডোনাল্ড। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব কেন্টের কোচ। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এক মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল নাইটসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। কাজ করেছেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও। এর মাঝে ২০১৯ সালে তাকে অন্তর্ভুক্ত করা হয় আইসিসি হল অব ফেমে।
শন পোলকের সঙ্গে গড়েছিলেন ইতিহাসের সেরা পেস বোলিং জুটির একটি। বল হাতে ছিলেন দারুণ সফল। ৭২ টেস্টে ২২.২৫ গড়ে তার উইকেট ৩৩০টি। পাঁচ উইকেট নিয়েছেন ২০ বার, ১০ উইকেট তিনবার। সেরা ১৩৯ রানে ১২ উইকেট। ওয়ানডেতে ১৬৪ ম্যাচে ২১.৭৮ গড়ে নিয়েছেন ২৭২ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন দুইবার, সেরা ৬/২৩।
আপনার মন্তব্য