০৮ মার্চ, ২০২২ ১৬:৩০
আগামী ১৬-২১ মার্চ বেলগ্রেডে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স। সেই অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করবেন বাংলাদেশের লন্ডন প্রবাসী সিলেটের ছেলে স্প্রিন্টার ইমরানুর রহমান ইমরান। আর তার আগে লন্ডনে আশা জাগিয়েছেন তিনি।
ইমরানকে নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনও আশাবাদী। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘ইনডোরে অংশ নেওয়ার রেকর্ড আমাদের আগে নেই। ইমরান অত্যন্ত সম্ভাবনাময়ী। গতকাল সর্বশেষ এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। বেলগ্রেড যাওয়ার আগে এখন সে শুধু অনুশীলনের ওপর থাকবে।’
বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশনের সঙ্গে ইমরানকে যোগাযোগ করিয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ইমরান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বিশ্ব ইনডোর গেমসের জন্য সব কিছু সমন্বয় করছেন।
এদিকে গতকাল লন্ডনে এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় ৬০ মিটার ইনডোরে ইমরান ৬ দশমিক ৬৮ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। এ টাইমিং ১০০ মিটারের অনুপাতে বাংলাদেশে যে জাতীয় রেকর্ড করেছিলেন এর সমান। ইমরানকে নিয়ে বড় স্বপ্ন বাংলাদেশের। সাধারণ সম্পাদকের কথা, ‘সামনের বছর এশিয়ান গেমস তো বটেই, এশিয়ান গেমসেও তাকে নিয়ে আমরা আশা রাখছি।’
আপনার মন্তব্য