স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২২ ০২:৫৬

কাসেমিরোর অভিষেক, ম্যান ইউনাইটেডের টানা দুই জয়

টানা দুই হারে প্রিমিয়ার লিগ শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দল এবার টানা দুই জয়ে ফিরল কক্ষপথে। আগের ম্যাচে লিভারপুলকে হারানো ম্যান ইউনাইটেড এবার জিতেছে সাউথ্যাম্পটনকে।

প্রতিপক্ষের মাঠে শনিবার ব্রুনো ফের্নান্দেসের একমাত্র গোলে জিতেছে এরিক টেন হাগের দল।

লিভারপুল ম্যাচের একাদশ নিয়েই সাউথ্যাম্পটনের বিপক্ষে নামে ইউনাইটেড। ১৯তম মিনিটে গোলের সুযোগ পায়। ছয় গজ বক্সের কোণা থেকে অ‍্যান্থনি এলাঙ্গার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। পরে জটলার ভেতর থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের শট পা দিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার কাইল ওয়াকার-পিটার্স।

এরপর ইউনাইটেডের রক্ষণে চাপ বাড়ায় সাউথ্যাম্পটন। ২৯তম মিনিটে চে অ্যাডামসের জোরাল হেডে বল যায় ক্রসবারের ওপর দিয়ে। দুই মিনিট পর স্কটল্যান্ডের এই ফরোয়ার্ড শট নেন গোলরক্ষক বরাবর।

৩৮তম মিনিটে আরেকটি সুযোগ পান অ্যাডামস। এবার তার প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া। ৪৯তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে যান ইউনাইটেডের স্কট ম্যাকটমিনে। ওয়ান-অন-ওয়ানে তার ভলি কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্বাগতিক গোলরক্ষক।

৫৫তম মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা। ডান দিক থেকে দিয়েগো দালোতের নিচু ক্রসে বক্সের ভেতর প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।

৬৬তম মিনিটে দারুণ সেভে ব্যবধান ধরে রাখেন দে হেয়া। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে অ্যাডামসের ক্রসে জো আরিবোর হেড ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক। ফিরতি বলে ওয়াকার-পিটার্সের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

লিভারপুলের বিপক্ষে দলের প্রথম গোলদাতা জেডন স্যানচোকে তুলে ৬৮তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামান টেন হাগ। ৮০তম মিনিটে এলাঙ্গার জায়গায় ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয় কাসেমিরোর।

৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে সাউথ্যাম্পটন।

আপনার মন্তব্য

আলোচিত