২৮ আগস্ট, ২০২২ ০৩:০৯
প্রিমিয়ার লিগে ৯ গোলের রেকর্ড ছিল ৩ বার। আগে দুইবার এই ব্যবধানে ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, আরেকবার লেস্টার সিটি। এবার একই ব্যবধানে ম্যাচ জিতে রেকর্ডে ভাগ বসাল লিভারপুল।
শনিবার অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে ৯-০ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচে হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্ত ফিরমিনো, সঙ্গে করেছেন জোড়া গোলও। দিয়াসও করেছেন জোড়া গোল। অন্য গোলদাতারা হলেন হার্ভি এলিয়ট, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক ও ফাবিও কারবাইয়ো।অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।
ম্যাচ শুরুর ১৪৯ সেকেন্ডের মাথায় মোহামেদ সালাহর ক্রস রক্ষণে প্রতিহত হওয়ার পর ডান দিক থেকে ফিরমিনো ছয় গজ বক্সের মুখে খুঁজে নেন দিয়াসকে। নিখুঁত কোনাকুনি হেডে জালে বল পাঠান কলম্বিয়ার ফরোয়ার্ড।
কিছুক্ষণ পর ডান দিক থেকে আসা পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি ফিরমিনো। তবে কাছেই ছিলেন এলিয়ট, ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ১৯ বছর বয়সী ইংলিশ উইঙ্গার।
২৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান আরও বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ফাঁকায় ফিরমিনোর ছোট পাস পেয়ে জায়গা বানিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ রাইট-ব্যাক।
তিন মিনিট পর স্কোরলাইন ৪-০ করে বোর্নমাউথের সব আশা যেন শেষ করে দেন ফিরমিনো। ডান দিক থেকে ছয় গজ বক্সে আসা বলে পা বাড়িয়ে আলতো ভলিতে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪৫তম মিনিটে সফরকারীদের জালে ফের বল পাঠান ফন ডাইক। কর্নারে হেডে গোলটি করেন ডাচ ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধ শুরু হতে প্রথম মিনিটেই মিলে গেল ষষ্ঠ গোল। এ যাত্রায় তাদের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান বোর্নমাউথ ডিফেন্ডার ক্রিস মেফাম।
৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো। অ্যান্ডি রবার্টসনের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল গোলমুখে পেয়ে ফিরমিনোর প্রথম প্রচেষ্টা গোলরক্ষকের পায়ে প্রতিহত হয়, তবে ফিরতি চেষ্টায় আর ব্যর্থ হননি তিনি।
শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে লিভারপুল। বদলি নামা কারবাইয়ো ৮০তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে লক্ষ্যভেদী শটের পর হেডে শেষ গোলটি করেন দিয়াস।
বিশাল এই ব্যবধানে জয়ের কীর্তি এ পর্যন্ত মোট দুবার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবার তারা রেকর্ডটি গড়েছিল ১৯৯৫ সালে ইপসউইচের বিপক্ষে। পরে ২০১৯ সালে সাউথ্যাম্পটনের বিপক্ষে ওই রেকর্ড ছুঁয়েছিল লেষ্টার সিটি। আর গত বছর ফেব্রুয়ারিতে আবার সাউথ্যাম্পটনের জালেই ৯-০ গোলের জয়ের উল্লাসে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড।
দিনের প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
আপনার মন্তব্য