০৩ অক্টোবর, ২০২২ ১১:১২
লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের পর থামল রিয়াল মাদ্রিদের জয়রথ। ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। রিয়ালের পক্ষ গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, ওসাসুনার হয়ে গোলটি করেন কিকে গার্সিয়া। পেনাল্টি মিস করেন করিম বেনজেমা।
রিয়ালের এই ড্রয়ে আগের রাতে মায়োর্কাকে হারানো বার্সেলোনা গোল ব্যবধানে এগিয়ে থেকে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকল। ৭ ম্যাচ শেষে রিয়াল-বার্সা দুই দলের পয়েন্টই ১৯।
এ ম্যাচের আগে লা লিগায় ওসাসুনার বিপক্ষে সর্বশেষ ১৪ ম্যাচের কোনোটিতেই হারেনি রিয়াল মাদ্রিদ। দলটির কাছে রিয়ালের সর্বশেষ হার ২০১১ সালের জানুয়ারিতে। আর ওসাসুনার কাছে ঘরের মাঠে রিয়ালের সর্বশেষ হার ২০০৪ সালের এপ্রিলে।
৪২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট। মূলত বল জটলায় ফেলতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে সেটি সবাইকে অবাক করে দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। ভিএআরে গোলটির বৈধতাও যাছাই করলেও বদলায়নি সিদ্ধান্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে উনাই গার্সিয়ার ক্রসে লাফিয়ে মাথা ছুঁয়ে বল জালে জড়ান কিকে গার্সিয়া।
ম্যাচের ৭৬ মিনিটে ডি-বক্সের ভেতর বেনজেমাকে ফেলে দেন ডেভিড গার্সিয়া। শুরুতে রেফারি রিয়াল স্ট্রাইকারের পেনাল্টি আবেদনে সাড়া দেননি। তবে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেওয়ার পাশাপাশি ধাক্কা দেওয়ার শাস্তি হিসেবে ডেভিডকে দেখানো হয় লাল কার্ড। পেনাল্টি শট ক্রসবারে মেরে রিয়াল মাদ্রিদকে জয়ের পথ দেখাতে ব্যর্থ হন আগের মৌসুমের সেরা করিম বেনজেমা।
আপনার মন্তব্য