০৫ অক্টোবর, ২০২২ ০৪:৫৩
এক জয় আর এক হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা লিভারপুলের জন্যে এই ম্যাচ জয়ের দরকার ছিল। জিতেছেও প্রত্যাশামতো।
মঙ্গলবার অ্যানফিল্ডে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। দুর্দান্ত এক ফ্রি-কিকে ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড এগিয়ে দেওয়ার পর পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মদ সালাহ।
আয়াক্সের বিপক্ষে ২-১ গোলে জিতলেও, তার আগে নাপোলির কাছে বিধ্বস্ত হয়েছিল ৪-১ গোলে। তবে সেই অম্ল-মধুর স্মৃতি পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাওয়ার পালা অলরেডদের।
গোলের জন্য অবশ্য ৭ মিনিটের বেশি অপেক্ষাও করতে হয়নি লিভারপুলকে। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন আরনল্ড।
বিরতির একটু পর লিভারপুলের আক্রমণের চাপ সামলাতে না পেরে দিয়াজকে শেষ পর্যন্ত ফাউলই করে বসেন রেঞ্জার্স ডিফেন্ডার লিয়ন কিং। পেনাল্টি থেকে নিঁখুত শটে বল জালে জড়ান সালাহ।
এই জয়ে গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল লিভারপুল। টানা তিন জয়ে শীর্ষে নাপোলি। ১৩ অক্টোবর রেঞ্জার্সের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে আতিথ্য নেবেন সালাহ-জোতারা।
একই রাতের অন্য ম্যাচে গ্রুপ ‘বি’তে ক্লাব ব্রুগার বিপক্ষে ২-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। এই হারে গ্রুপে তলানিতে অবস্থান করছে ডিয়েগো সিমিওনের দল। অন্য দিকে টানা তিন জয়ে চমক দেখিয়ে শীর্ষে থাকল ব্রুগা।
আপনার মন্তব্য