স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২ ০৫:০৫

চ্যাম্পিয়ন্স লিগ: নাপোলির কাছে পাত্তাই পেল না আয়াক্স

শুরুতে গোল খেয়ে বসেছিল নাপোলি, কিন্তু এরপর যা ঘটল তাতে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় হারের সাক্ষী হলো আয়াক্স। ম্যাচের ফল নির্ধারিত হয়েছে ৬-১ গোলে।

নাপোলির হয়ে জোড়া গোল করেছেন গিয়াকোমো রাসপাদোরি। একবার করে বল জালে জড়িয়েছেন গিওভান্নি ডি লরেনৎসো, পিতর ইয়েলেনিস্কি, খিচা কাভারস্কেইয়া এবং গিওভান্নি সিমিওনে।

এই জয়ে গ্রুপ ‘এ’তে টানা তিন জয়ে শীর্ষেই থাকল নাপোলি। ম্যাচে সব মিলিয়ে ২৬টি শট নিয়েছে নাপোলি, যার ১৩টিই ছিল লক্ষ্যে।

ঘরের মাঠে ৯ মিনিটেই এগিয়ে যায় আয়াক্স। গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কুদুস।

পরের মিনিটে গোল শোধ করে নাপোলি। রাসপাদোরির দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি।

৩৩ মিনিটে ঠিকই লিড নেয় নাপোলি। কাভারস্কেইয়ার মাপা ক্রসে দারুণ এক হেডে গোল করে নাপোলিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি লরেনৎসো।

৪৫ মিনিটে পিতর ইয়েলেনিস্কি নাপোলিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। অনেকটা একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে দারুণ এক শটে করেন লক্ষ্যভেদ।

৪৭ মিনিটে চতুর্থ গোলটি হজম করে তারা। নিজের দ্বিতীয় গোলটি করেন রাসপাদোরি। জোড়া গোল করা এই ইতালিয়ান তারকা পরে ৬৩ মিনিটে কাভারস্কেইয়াকে অ্যাসিস্ট করেন।

এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আয়াক্সের দুসান তাদিচ। ১০ জনের আয়াক্সের বিপক্ষে ৮১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে গিওভান্নি। এরপর ব্যবধান আর না বাড়লে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোালি।

অবিশ্বাস্য ছন্দে থাকা নাপোলি সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের তারা ৩ ম্যাচে গোল করেছে ১৩টি। ১২ অক্টোবর ফিরতি লেগের ম্যাচে আয়াক্সকে আতিথ্য দেবে তারা।

রাতের অন্য ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টটেনহাম। আর পোর্তোর মাঠে ২-০ গোলে হেরেছে বেয়ার লেভারকুসেন।

আপনার মন্তব্য

আলোচিত