স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২ ২৩:০৮

সিঙ্গাপুরকে হারিয়েছে যুব ফুটবলাররা

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচ জিতে ২০১ গোলের ব্যবধানে। বাংলাদেশ যুব দলের পক্ষে কেউ গোল করতে পারেননি, তবে বাংলাদেশের পাওয়া গোলগুলো হয়েছে আত্মঘাতী।

প্রতিযোগিতার গ্রুপ চ্যাম্পিয়ন ১০টি দলের সঙ্গে ৬টি রানার্সআপ দল খেলবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। পরের রাউন্ডে যেতে প্রথম ম্যাচে ৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য।

বাংলাদেশ যুব ফুটবলারদের এগিয়ে যাওয়া হয় ম্যাচের ১১তম মিনিটে। ফরোয়ার্ড নাজিম উদ্দিনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

ম্যাচের ২৮ মিনিটে সিঙ্গাপুরকে সমতায় ফেরান মোহাম্মদ সাইয়াজওয়ান। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটটি বাংলাদেশের গোলরক্ষক সোহানুর রহমানের মাথার ওপর দিয়ে ঢোকে জালে।

ম্যাচ যখন ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পথে তখনই আত্মঘাতী গোলের সুফল পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডার মোহাম্মদ রাতুলের থ্রো ইনে বক্সের মধ্যে থাকা জন তান বলটি হেডে ক্লিয়ার করতে যান। কিন্তু ওই বল সিঙ্গাপুরের গোলরক্ষক ইসাক লি ধরতে গিয়েও ব্যর্থ হন। হাত ফসকে বলটি জড়িয়ে পড়ে জালে।

বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ ভুটান।

এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে এ গ্রুপের ফেবারিট দল ইয়েমেন। ১টি করে গোল করেছেন আবদুল রহমান আবদুল্লাহ, আদেল আব্বাস কাশেম, মোহাম্মদ খালেদ, আল খাদের, মোহাম্মদ ওয়াহিদ নোমান, মোহাম্মেদ আমের, আনোয়ার হোসেন ও আহমেদ আদেল আল ঘুমাই।

আপনার মন্তব্য

আলোচিত